সারাদেশ

কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিদেশ অবজারভার ৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৫ PM ১৬৫৩০
কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশু (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিশু উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় দায়ের করা জিআর মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নুর উদ্দিন মিশু। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর উদ্দিন মিশু একটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন বলেন, নুর উদ্দিন মিশুর গ্রেপ্তারের বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে জেলা যুবদলকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে নুর উদ্দিন মিশু এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সম্পর্কিত খবর