সারাদেশ

গরমের মাঝেও ভোরে কুয়াশা, মাগুরায় শীতের আগাম বার্তা

তাসিফ জামানমাগুরা প্রতিনিধি) ২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩৫ PM ১০২৩৮
গরমের মাঝেও ভোরে কুয়াশা, মাগুরায় শীতের আগাম বার্তাগরমের মাঝেও ভোরে কুয়াশা, মাগুরায় শীতের আগাম বার্তা — দ্বিতীয় ছবি

শীতের আমেজ এখনো পুরোপুরি শুরু হয়নি। দিনের বেলায় রোদের তাপ ও গরমের অনুভূতি থাকলেও গত দুই-এক দিন ধরে ভোর হলেই মাগুরার প্রকৃতিতে দেখা মিলছে কুয়াশার। ভোরের কুয়াশায় জেলার বিভিন্ন এলাকার সড়ক, মাঠ-ঘাট ও গাছপালা সাদা হয়ে থাকতে দেখা যাচ্ছে। হালকা শীতল বাতাসের সঙ্গে কুয়াশা যেন শীতের আগমনের আগাম বার্তা দিচ্ছে।

ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামের সড়ক ও ফসলের মাঠ। সকালের পরিবেশেও এসেছে কিছুটা পরিবর্তন। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে এবং দিনের তাপমাত্রা বাড়তে শুরু করছে। ফলে এখনো শীতের অনুভূতি পুরোপুরি তৈরি হয়নি।

মাগুরা সদর উপজেলার বাসিন্দা সাওন বলেন, “শীত এখনো শুরু হয়নি, তবে গত দুই-এক দিন ধরে ভোরে কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। সকালের শীতল আবহাওয়া বেশ ভালোই লাগে। তবে এত আগে কুয়াশা পড়তে শুরু করায় কিছুটা অবাক লাগছে।”

শ্রীপুর উপজেলার ভ্যানচালক বাটু বলেন, “পেটের দায়ে প্রতিদিন ভোরেই ভ্যান নিয়ে বের হতে হয়। এখন কুয়াশা পড়লেও ঠান্ডা তেমন বেশি নয়। তবে শীতের সময় ঠান্ডা বাড়লে ভ্যান চালাতে কষ্ট হয়। তখন অনেক যাত্রীও ভ্যানে উঠতে চায় না।”

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামের বাসিন্দা রেজওয়ানা ফেরদৌস বলেন, “আমি প্রতিদিন ভোরে হাঁটতে বের হই। গত দুই-এক দিন ধরে ভোরে বাইরে বের হলে চারপাশ কুয়াশায় সাদা হয়ে থাকতে দেখছি। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় এবং আবার গরম অনুভূত হয়।”

স্থানীয়দের ভাষ্য, ভোরের কুয়াশা ও শীতল বাতাসে শীতের আগমনের আভাস পাওয়া গেলেও এখনো প্রকৃত অর্থে শীত শুরু হয়নি। দিনের বেলায় গরমের অনুভূতি থাকায় সকাল ও দুপুরের আবহাওয়ার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে।

সব মিলিয়ে, মাগুরায় গত কয়েক দিনের ভোরের কুয়াশা প্রকৃতিতে এনে দিয়েছে ভিন্ন এক আবহ। শীত এখনো পুরোপুরি আসেনি, তবে ভোরের কুয়াশা যেন আগেভাগেই জানিয়ে দিচ্ছে—শীতের আগমন আর খুব বেশি দূরে নয়।

সম্পর্কিত খবর