সারাদেশ

ছাত্রদল নেতার ফোনালাপ ফাঁসের পর চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের পদত্যাগ, ক্যাম্পাসে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদকদেশ অবজারভার ১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৩ PM ১৭৩০২
ছাত্রদল নেতার ফোনালাপ ফাঁসের পর চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের পদত্যাগ, ক্যাম্পাসে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে সিট প্রদান কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে হল প্রভোস্টকে অডিও কলে হুমকি দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে। বিতর্কিত এই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নীতিগত অবস্থান থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

সোমবার (৩১ আগস্ট) ছড়িয়ে পড়া ওই অডিওতে দেখা যায়, সদ্য স্নাতকোত্তর শেষ করা ছাত্রদল কর্মী রাশিদুল ইসলামের হলের সিট বরাদ্দ নিয়ে প্রভোস্টের সাথে ফোনে কথা বলছিলেন নোমান। ছাত্রত্ব না থাকায় বিধি অনুযায়ী সিট বরাদ্দ দিতে অসম্মতি জানালে প্রভোস্টের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়ান এই ছাত্রদল নেতা। ফাঁস হওয়া রেকর্ডিংয়ে নোমানকে বলতে শোনা যায়, মেধার ভিত্তিতে সিট বরাদ্দের হিসাব চাওয়ার পাশাপাশি প্রভোস্টের বিরুদ্ধে শিবিরের কর্মীদের হলে জায়গা দেওয়ার অভিযোগ তোলেন এবং তাঁর প্রশাসনিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

ঘটনার পরপরই সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদ থেকে ইস্তফা দেওয়া অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান জানান, উক্ত শিক্ষার্থী এমফিলে ভর্তির প্রক্রিয়াধীন থাকলেও এখনো তাঁর ভর্তি সম্পন্ন হয়নি, যা সময়সাপেক্ষ। ফলে নিয়মবহির্ভূতভাবে সিট অনুমোদন দেওয়া সম্ভব ছিল না। কথোপকথনটিকে অনভিপ্রেত উল্লেখ করলেও অভিযুক্ত ছাত্রদল নেতার সাথে পূর্বের সুসম্পর্কের খাতিরে এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান দাবি করেন, ফাঁস হওয়া অডিওটি আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত। চার মিনিটের আলাপের কেবল দুই মিনিট প্রকাশ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, উপ-উপাচার্যের সুপারিশ থাকা সত্ত্বেও হলে মেধার ভিত্তিতে সিট বণ্টন নিয়ে তথ্য জানতে চাওয়া কোনো হুমকি হতে পারে না। উপরন্তু, প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থীর মা-বাবাকে নিয়ে মন্তব্য করার কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে তিনি দাবি করেন।

এদিকে এই অডিও কাণ্ড ও শিক্ষকের প্রতি অসদাচরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে চবি শাখা ছাত্রশিবির। সোমবার রাত ১০টায় জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী হল ও এ এফ রহমান হল প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানান।

ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ববিদ্যালয় জুড়ে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর