সারাদেশ

মাদকের শিকড় উপড়ে ফেলতে এবার কঠোর পুলিশ: রাঙামাটিতে ডিআইজি

মেহেদী হাসানরাঙামাটি প্রতিনিধি ২৪ আগস্ট, ২০২৬ এ ৪:০২ PM ৪২
মাদকের শিকড় উপড়ে ফেলতে এবার কঠোর পুলিশ: রাঙামাটিতে ডিআইজি

মাদকের বিস্তার রোধে এবার সামাজিক প্রতিরোধের ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। রাঙামাটিতে মাদকবিরোধী সমাবেশে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

যারা মাদক ব্যবসা করে এবং সেবন করে তাদের সবার জন্য লাল দালান প্রস্তত আছে। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি বলে মন্তব্য করেছেন পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি এই প্রতিপাদ্যে আয়োজিত মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এইসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল স্তরের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ারও আহবান জানান তিনি।

সোমবার সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়।

রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান এমপি।

পবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন অধিনায়ক লে. কর্নেল একরামুল রাহাত, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশ রাঙ্গামাটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচন করেছেন, তাই আমাকে আপনারা কথা দিন সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য সর্বাত্নক সহযোগীতা করবেন। মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যে দলেরই হোকনা কেন তাদের রক্ষার চেষ্টা করবেন না।

মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সম্পর্কিত খবর