রাঙামাটিতে বন বিভাগের অভিযান, ৪ বোটভর্তি কোটি টাকার সেগুন কাঠ জব্দ।

রাঙামাটিতে কাপ্তাই হ্রদ দিয়ে পাচারের সময় চারটি বোটভর্তি প্রায় সাড়ে ৩ হাজার ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে দক্ষিণ বন বিভাগ। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বন বিভাগ।
শুক্রবার বিকেলে রাঙামাটি-কাপ্তাই নৌপথের ঝগড়াবিল এলাকায় সন্দেহজনকভাবে কাঠবোঝাই কয়েকটি বোট অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগ।
রাঙামাটি দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাঙামাটির দিকে আসা চারটি বোট আটক করা হয়। বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা কয়েকজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান বলে জানানো হয়েছে।
পরে কাঠবোঝাই বোটগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। শনিবার সকাল থেকে বোট থেকে কাঠ নামিয়ে বন বিভাগের কার্যালয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়।
বন বিভাগের দাবি, চারটি বোটে আনুমানিক সাড়ে ৩ হাজার ঘনফুট সেগুন কাঠ রয়েছে। কাঠের বিষয়ে সিজার লিস্ট প্রস্তুত করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখনো জব্দ করা কাঠের মালিকানা ও কাঠের সঠিক উৎস নিশ্চিত করতে পারেনি বন বিভাগ।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রশাসন ও বন বিভাগের নজর এড়িয়ে পার্বত্য চট্টগ্রামের দুর্গম সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে কাপ্তাই হ্রদসহ বিভিন্ন নৌপথে পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র।
স্থানীয় সূত্রগুলোর দাবি, সম্প্রতি একটি প্রভাবশালী পাহাড়ি আঞ্চলিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন কাঠ ব্যবসায়ীকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাঠ সংগ্রহ করে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দুর্গম এলাকা থেকে দ্রুত কাঠ সংগ্রহ করে রাঙামাটিতে নেওয়ার চেষ্টা করা হয়। জব্দ করা কাঠগুলো বিলাইছড়ি এলাকা থেকে আনা হচ্ছিল বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
তবে এসব অভিযোগের সত্যতা ও কাঠের উৎস তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে বন বিভাগ।
সংশ্লিষ্টদের মতে, শুধু কাঠ জব্দ করলেই সমস্যার সমাধান হবে না। বন উজাড়ের সঙ্গে জড়িত গাছ কাটার শ্রমিক থেকে শুরু করে পরিবহনকারী, মজুতদার, ক্রেতা এবং নেপথ্যের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
একই সঙ্গে দুর্গম সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের জনবল, নজরদারি ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


